মৌলভীবাজার শহরে ভাতিজাকে শাসন করার ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে কিশোর বয়সী ছোট ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতের নাম তামিম আহমদ (১৬)।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যার কিছু আগে মৌলভীবাজার শহরের টিবি হাসপাতাল সড়কের সার্কিট হাউস এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত তামিম আহমদ স্থানীয় ডাব বিক্রেতা শাহেদ আলীর সন্তান। তিনি আট ভাইবোনের মধ্যে সবার ছোট ছিলেন। আকস্মিক এই ঘটনায় পরিবারজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার হানিফ মিয়ার ছেলে মিথ্যা কথা বলেছে এমন অভিযোগে চাচা তামিম তাকে শাসন করেন এবং একপর্যায়ে একটি চড় মারেন। পরে বিষয়টি ছেলেটি তার বাবা হানিফ মিয়াকে জানালে তিনি ক্ষুব্ধ হয়ে তামিমকে ডেকে নেন। একপর্যায়ে উত্তেজনার মধ্যে তামিমের শার্টের কলার ধরে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তামিমের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
নিহত তামিমের বড় বোন তানিয়া বেগম জানান, তামিম ও হানিফের মধ্যে আগে থেকেও প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। প্রায় ছয় মাস আগে হানিফ আমার আরেক ভাইয়ের হাত কেটে দিয়েছিল। সেই ঘটনায় তিনি কিছুদিন কারাগারেও ছিলেন।
তিনি আরও জানান, ঘটনার সময় তিনি স্বামীর বাড়িতে ছিলেন। খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যান। তামিম খুব শান্ত স্বভাবের ছিল এবং বাবার সঙ্গে ডাব বিক্রির কাজে সাহায্য করত।
এদিকে ঘটনার পর স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা নিহত তামিমের মরদেহ মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান ময়নাতদন্তের জন্য। সেখানে মরদেহের পাশে বাবা শাহেদ আলী ও মা শাহানা বেগমকে বিলাপ করতে দেখা যায়।
শিরোনাম
মৌলভীবাজারে ভাতিজাকে শাসন নিয়ে বিরোধ: বড় ভাইয়ের হাতে কিশোর ভাই নিহত
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় ০৯:৩৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- 0
ট্যাগস :
কিশোর নিহত পারিবারিক বিরোধ বাংলাদেশ অপরাধ সংবাদ মৌলভীবাজার মৌলভীবাজার সদর মৌলভীবাজার হত্যাকাণ্ড











