মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বিজিবির দাবি, ভারতীয় নাসিরুদ্দিন পাতার বিড়ি চোরাচালানের উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে প্রবেশের পর বিএসএফের গুলিতে তিনি নিহত হন।
রোববার (৯ আগস্ট) ভোর ৪টার দিকে কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের মাগুরুলি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার মুরইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, রোববার ভোররাতে তারা মিয়াসহ ৪ থেকে ৫ জনের একটি দল আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসিরুদ্দিন পাতার বিড়ি আনতে আলীনগর সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে মাগুরুলি এলাকায় প্রবেশ করে। এ সময় সেখানে দায়িত্ব পালনরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই তারা মিয়া নিহত হন। অন্যরা গুলির মুখে পালিয়ে বাংলাদেশে ফিরে আসে।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “ভারতের অভ্যন্তরে ঢুকে অবৈধ নাসিরুদ্দিন বিড়ি আনতে গেলে বিএসএফের গুলিতে সে নিহত হয়েছে। তার বিরুদ্ধে থানায় চোরাচালানের মামলা রয়েছে।”
ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
স্টাফ রিপোর্টার 








