মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার বহুল আলোচিত জুনায়েদ (১৫) হত্যা মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এ ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং বিভিন্ন গোয়েন্দা তথ্য বিশ্লেষণের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার একাধিক টিম অভিযান পরিচালনা করে। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গত ৩১ মার্চ উপজেলার ভুনবীর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মো. মারুফ (২৪) ও মো. জুয়েল মিয়া (২৭) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা উভয়েই ভুনবীর ইউনিয়নের বাসিন্দা।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিহত জুনায়েদের ব্যবহৃত মোবাইল ফোনের সিম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত তথ্য আপাতত প্রকাশ করা হয়নি।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, নিহত জুনায়েদের মা ইয়ারুন নেছার দায়ের করা অভিযোগের ভিত্তিতে শ্রীমঙ্গল থানায় মামলা নম্বর ২৪, তারিখ ৩১ মার্চ ২০২৬, বাংলাদেশ পেনাল কোডের ৩০২ (হত্যা), ২০১ (প্রমাণ নষ্ট করা) এবং ৩৪ (একাধিক ব্যক্তির সম্মিলিত অপরাধ) ধারায় মামলা রুজু করা হয়।
আলোচিত এই হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার ও ঘটনার পূর্ণ রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। একই সঙ্গে দ্রুত বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
সজিব উদ্দিন হেলাল 









