সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরাহতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাকসহ মোট ২৩টি যানবাহন এ দুর্ঘটনায় জড়িত ছিল। সংঘর্ষের পর কয়েকটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।
আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) মধ্যরাতের দিকে ফুজাইরাহ শহরের প্রবেশপথের কাছে শেখ খলিফা বিন জায়েদ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ফুজাইরাহ পুলিশের তথ্য অনুযায়ী, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। পরে ট্রাকটি উল্টে গিয়ে ধীরগতির যানজটে আটকে থাকা কয়েকটি গাড়ির ওপর আছড়ে পড়ে। এতে ট্রাকটিতে আগুন ধরে যায়। পরে আগুন আশপাশের কয়েকটি গাড়িতে ছড়িয়ে পড়ে। ভয়াবহ এ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে ফুজাইরাহ পুলিশের অপারেশন কক্ষ থেকে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে সতর্ক করা হয়। পরে বিশেষায়িত পুলিশ দল, অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল এবং সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
উদ্ধারকারীরা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আহতদের প্রাথমিক চিকিৎসা দেন এবং হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। একই সঙ্গে দুর্ঘটনাস্থল নিরাপদ করা ও যান চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।
উদ্ধার ও চিকিৎসাসেবায় নিয়োজিত কর্মীদের তৎপরতার প্রশংসা করেছে ফুজাইরাহ পুলিশ।
দুর্ঘটনায় আহত ৩০ জনের মধ্যে চিকিৎসা শেষে ১৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বাকি ১৫ জনের শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসা চলছে।
নিহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক রয়েছেন। অন্য কয়েকজনের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান ও মিসরের নাগরিক রয়েছেন।
এ মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ফুজাইরাহ পুলিশ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে সংস্থাটি।
চালকদের ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ করা এবং যানবাহনের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছে পুলিশ। বিশেষ করে যানজট কিংবা ধীরগতির যান চলাচলের এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে আইনগত ও কারিগরি প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা যাচাই না করা তথ্য ছড়িয়ে না দিয়ে সরকারি সূত্র থেকে পাওয়া নিশ্চিত তথ্যের ওপর নির্ভর করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।








