শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

শিরোনাম
প্রকাশ: ০০:০১, শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ |

দুবাইয়ে ২১ বছর বয়সী শিক্ষার্থীর মৃত্যু, সড়ক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গাড়ির চাকা পাংচার হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতির গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন নাইফা বালকিস হামিদ (২১) নামের এক ভারতীয় শিক্ষার্থী। তাঁর মর্মান্তিক মৃত্যু দেশটির সড়ক নিরাপত্তা এবং চালকদের দায়িত্বশীল আচরণ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

গত ৫ নভেম্বর দুবাইয়ের আল রাশিদিয়া এলাকার আল খাওয়ানিজ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নাইফা কানাডিয়ান ইউনিভার্সিটি দুবাইয়ের স্থাপত্য বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, গাড়ির একটি চাকা পাংচার হওয়ার পর নাইফা তাঁর বাবাকে ফোন করেন। তাঁর চাচার ভাষ্য অনুযায়ী, বাবা তাঁকে সড়কপথে জরুরি সহায়তা সেবা বা রোডসাইড অ্যাসিস্ট্যান্সের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। প্রায় পাঁচ মিনিট পর বাবা আবার ফোন করলে তিনি আর সাড়া দেননি।

পরিবারের দাবি, পুলিশ তাঁদের জানিয়েছে, নাইফা গাড়ির পেছনে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি গাড়ি তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের বাসিন্দা নাইফার পরিবার তাঁর মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছে।

সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, নাইফার এই মৃত্যু সংযুক্ত আরব আমিরাতের প্রতিটি চালকের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। গাড়ির চাকা পাংচার বা যান্ত্রিক ত্রুটির কারণে সড়কের পাশে থামতে বাধ্য হওয়া চালকদের যেমন সতর্ক থাকতে হবে, তেমনি ওই স্থান দিয়ে চলাচলকারী অন্য চালকদেরও বাড়তি সচেতনতা প্রয়োজন।

বিশেষজ্ঞরা চালকদের গতি কমানো, সড়কের পাশে থেমে থাকা গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং আশপাশের পরিস্থিতির প্রতি সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ দিয়েছেন।

নাইফার অকালমৃত্যু আবারও মনে করিয়ে দিয়েছে, সড়কে সামান্য অসতর্কতাও কেড়ে নিতে পারে একটি মূল্যবান প্রাণ। তাই দুর্ঘটনা এড়াতে চালকদের দায়িত্বশীল আচরণ ও নিরাপদ গতিতে গাড়ি চালানো অত্যন্ত জরুরি।

আপনার মন্তব্য লিখুন