শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

শিরোনাম
প্রকাশ: ১৯:৪৬, শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ |

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)। ‘দ্য মুসলিম ৫০০’ শীর্ষক এই তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিশিষ্ট মানবাধিকারকর্মী ও গবেষক ড. হামিদা হোসেন স্থান পেয়েছেন।

প্রকাশিত তালিকায় ‘পলিটিক্যাল’ বা রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন তারেক রহমান। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এর মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে দলটি। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান।

নতুন সরকারের প্রধান হিসেবে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে তাঁর ভূমিকার বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁকে রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে প্রকাশনাটিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের বিশিষ্ট মানবাধিকারকর্মী, গবেষক এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা ড. হামিদা হোসেন। নারীর অধিকার, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দীর্ঘদিনের ভূমিকার জন্য তিনি এ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।

প্রকাশনাটির তথ্যমতে, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিম জনগোষ্ঠীর ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের সক্ষমতা বিবেচনায় নিয়ে এ তালিকা তৈরি করা হয়।

তালিকার নিয়ম অনুযায়ী, শীর্ষ ৫০ জন ব্যক্তিত্বকে ১ থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে স্থান দেওয়া হয়। বাকি ৪৫০ জনকে নির্দিষ্ট ক্রমে না রেখে রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ মোট ১৩টি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়।

এবারের সংস্করণে বাংলাদেশ থেকে নির্বাচিত তিনজনই র‍্যাঙ্কিংবিহীন ৪৫০ জনের তালিকায় স্থান পেয়েছেন।

আপনার মন্তব্য লিখুন