বর্ষা বিদায় নিতেই নতুন সাজে সেজেছে মির্জাপুরের শাপলা বিল। যতদূর চোখ যায়, পানির বুকজুড়ে শুধু লাল শাপলার সমারোহ। ভোরের স্নিগ্ধ আলোয় ফুলগুলো যখন একে একে পাপড়ি মেলে, তখন গোটা বিলটিকে মনে হয় যেন বিছিয়ে রাখা এক বিশাল লাল চাদর।
স্থানীয়রা জানান, ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিলে দর্শনার্থীদের ভিড় সবচেয়ে বেশি থাকে। কারণ দিনের এই সময়টাতেই শাপলা থাকে পূর্ণ সৌন্দর্যে। বেলা গড়াতেই ফুলগুলো ধীরে ধীরে বুজে আসে। তাই ফুলের আসল রূপ দেখতে আগ্রহীরা ভোর থাকতেই বিলের পাড়ে হাজির হন। কেউ নৌকায় চড়ে বিলজুড়ে ঘুরে বেড়ান, কেউবা হাতে একগোছা লাল শাপলা নিয়ে ছবি তোলায় মেতে ওঠেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিলের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে জায়গাটি এখন অনেকের কাছে ‘ভাইরাল শাপলা বিল’ নামে পরিচিতি পেয়েছে। শুধু এই লাল ফুলের সৌন্দর্য উপভোগ করতেই দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন মির্জাপুরে।
তবে এই বিল কেবল সৌন্দর্যপিপাসুদের গন্তব্য নয়; এখানকার বহু মানুষের জীবিকার উৎসও এটি। বিলে সারা বছরই মাছ পাওয়া যায়। ভোর হতেই ছোট ছোট নৌকা নিয়ে জাল ফেলতে নামেন জেলেরা। রুই, কাতলা, পুঁটি, শিংসহ নানা জাতের মাছ ধরে তা বিক্রি করেন তারা। সকালে এসব মাছ বিক্রি হয় লামাপাড়া আড়ংয়ে, আর বিকেলে ওঠে মির্জাপুর বাজারে। এই মাছ ধরেই চলে এলাকার অনেক পরিবারের সংসার।
মাছের পাশাপাশি বিলে মেলে নানা ধরনের জলজ ফলও। ভেট, পানি কলা, শালুক, টনার মতো ফল তুলে কেটেছে এলাকার অনেকের শৈশব। বর্ষা মৌসুমে এসব ফল স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয়।
পানি নেমে গেলেই আবার বদলে যায় বিলের চেহারা। শুরু হয় বোরো ধানের আবাদ। কয়েক মাস আগেও যেখানে নৌকা চলত, সেখানে তখন সারি সারি ধানের চারা রোপণ করা হয়। শাপলার পচা পাতা আর পলিমাটিতে জমি হয়ে ওঠে উর্বর, ফলে ধানের ফলনও হয় ভালো।
এক ঋতুতে লাল শাপলায় রঙিন, আরেক ঋতুতে সোনালি ধানে ভরা—প্রকৃতি আর জীবিকার এই পালাবদলেই লুকিয়ে আছে মির্জাপুরের শাপলা বিলের আসল সৌন্দর্য।







