শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

শিরোনাম
প্রকাশ: ২৩:০১, বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ |

মৌলভীবাজারে অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, কিশোরী উদ্ধার

মৌলভীবাজারে নাবালিকা অপহরণ মামলার প্রধান আসামি এমাদ মিয়া (২৬) কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসএআরবি)-৯। এ সময় অপহরণের শিকার কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চৌমোহনী রোডে আবিদ প্লাজায় অবস্থিত ‘আমার বাড়ি’ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে এমাদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে মৌলভীবাজার সদর থানা পুলিশের সহযোগিতায় জুড়ী উপজেলার হাফিজিয়া এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এসএআরবি-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার এমাদ মিয়া মৌলভীবাজার সদর থানার পাহাড় বর্ষিজোড়া গ্রামের বাসিন্দা। প্রতিবেশী ও আত্মীয়তার সম্পর্কের সুবাদে তিনি প্রায়ই ওই কিশোরীকে উত্ত্যক্ত করতেন এবং অনৈতিক প্রস্তাব দিতেন বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ২টার দিকে ওষুধ আনার কথা বলে বাড়ি থেকে বের হয় কিশোরী। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। একই দিন রাত ৮টার দিকে কিশোরীর ব্যবহৃত মোবাইল ফোনে এমাদ মিয়া কল করে সংযোগ বিচ্ছিন্ন করে দেন বলে অভিযোগ করা হয়েছে।

পরিবারের সন্দেহ, ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৪টার মধ্যে মৌলভীবাজার সদর থানার বর্ষিজোড়া এলাকার মাতরমঙ্গল ও মাতারকাপন এলাকার সামনের সড়ক থেকে এমাদ মিয়া ও তাঁর সহযোগীরা কিশোরীকে অপহরণ করেন। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে মৌলভীবাজার সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর আসামিদের গ্রেপ্তার এবং ভুক্তভোগী কিশোরীকে উদ্ধারে ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে এসএআরবি-৯। এরই ধারাবাহিকতায় এসএআরবি-৯-এর সিপিআরসি-২, শ্রীমঙ্গল ক্যাম্প ও সদর কোম্পানি, সিলেটের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার প্রধান আসামি এমাদ মিয়াকে গ্রেপ্তার এবং কিশোরীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন