শিক্ষামন্ত্রীকে অবিলম্বে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজসহ উপজেলার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছেন। বুধবার দুপুর সোয়া একটা থেকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা শ্রীমঙ্গল চৌমুহনায় জড়ো হয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন, যা চলে টানা প্রায় দেড় ঘণ্টা ধরে। কর্মসূচি চলাকালীন সময়ে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং একে অন্যের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।
এই আন্দোলনের প্রভাবে শ্রীমঙ্গল চৌমুহনা ও তৎসংলগ্ন সড়কে দীর্ঘ সময় ধরে যানবাহন চলাচল স্থবির হয়ে পড়ে। বিভিন্ন স্থানে শত শত যানবাহন আটকা পড়ায় সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। তবে গোটা কর্মসূচিটি শান্তিপূর্ণভাবেই শেষ হয় বলে জানা গেছে।
জানা যায়, শ্রীমঙ্গলের এই কর্মসূচি সারাদেশে চলমান বৃহত্তর আন্দোলনেরই একটি অংশ। এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর দেওয়া একটি মন্তব্য এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্তকে কেন্দ্র করে গত মঙ্গলবার থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি জাতির উদ্দেশে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনারও দাবি জানান। এই ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবেই বুধবার শ্রীমঙ্গলেও শিক্ষার্থীরা মাঠে নামেন।
কর্মসূচিতে উপস্থিত এক শিক্ষার্থী এই প্রতিবেদকের কাছে বলেন, শিক্ষামন্ত্রীর দেওয়া ক্ষমা প্রার্থনাকে তারা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছেন। তার ভাষ্য অনুযায়ী, শিক্ষার্থীদের ন্যায্য দাবি, অনুভূতি ও মর্যাদাকে উপেক্ষা করে দেওয়া এই ক্ষমা প্রার্থনা তাদের কাছে নিছক একটি প্রহসন বলে মনে হয়েছে। তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থার মর্যাদা রক্ষা, শিক্ষার্থীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং সাম্প্রতিক বিতর্কের নৈতিক দায়ভার স্বীকার করে শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগই এখন একমাত্র গ্রহণযোগ্য সমাধান।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রয়োজনে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। পাশাপাশি তারা প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন যেন তাদের দাবির বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।
স্টাফ রিপোর্টার 















